বিশ্বজুড়ে হু হু করে কমছে নতুন স্মার্টফোন বিক্রি, সাধারণ মানুষ ঝুঁকছেন পুরোনো বা ‘রিফার্বিশড’ ফোনের দিকে । কিন্তু এই মন্দার বাজারেও রাজত্ব ধরে রেখেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের ‘আইফোন’ । বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বৈশ্বিক স্মার্টফোন বাজারের ২১ শতাংশই ছিল আইফোনের দখলে ।
পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহ প্রায় ৬ শতাংশ কমলেও এই প্রতিকূল পরিস্থিতির মাঝেই আইফোনের সরবরাহ উল্টো ৫ শতাংশ বেড়েছে । তাদের শক্ত প্রতিযোগী দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড স্যামসাং ২০ শতাংশ বাজার দখল করে দ্বিতীয় অবস্থানে রয়েছে । তবে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চীনের জনপ্রিয় ব্র্যান্ড শাওমি, যাদের সরবরাহ এক ধাক্কায় কমেছে প্রায় ১৩ শতাংশ । শীর্ষ পাঁচে থাকা চীনের অন্য দুই ব্র্যান্ড অপ্পো এবং ভিভোর বাজার হিস্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১১ এবং ৮ শতাংশ ।
কিন্তু হঠাৎ কেন নতুন ফোন কেনা কমিয়ে দিলেন সাধারণ মানুষ? এর পেছনের চমকপ্রদ কারণ হলো— মেমোরি চিপের ঘাটতি! স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় মেমোরি চিপগুলো এখন নির্মাতারা স্মার্টফোনের বদলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ‘এআই’ ডেটা সেন্টারে বেশি সরবরাহ করছেন । এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের উত্তেজনা, জ্বালানির মূল্যবৃদ্ধি আর পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ভোক্তারা নতুন ফোন কেনার আগ্রহ হারিয়েছেন ।
মজার ব্যাপার হলো, মেমোরি চিপের এই ঘাটতি ও খরচের ধাক্কা শাওমির মতো কম দামি চীনা ফোনগুলোকে বিপদে ফেললেও, আইফোনের মতো দামি বা প্রিমিয়াম ফোনের ক্রেতাদের টলাতে পারেনি । তাই দাম বাড়লেও আইফোনই এখন বৈশ্বিক বাজারের অঘোষিত রাজা !



