বিশ্বজুড়ে আজ ১৪ সেপ্টেম্বর থেকে আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস ২৭ উন্মুক্ত করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নতুন এই আপডেটে আইফোনের নকশা, গতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ছবি, ফাইল আদান-প্রদান এবং গাড়িতে আইফোন ব্যবহারের অভিজ্ঞতায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে এবারের আপডেটের অন্যতম বড় আকর্ষণ হলো আরও উন্নত সিরি। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সিরি এখন আগের তুলনায় জটিল প্রশ্ন বুঝতে এবং ব্যবহারকারীর বিভিন্ন কাজ সম্পন্ন করতে আরও সক্ষম হবে।
উন্নত সিরি: আইওএস ২৭-এর সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর একটি হলো সিরির নতুন সংস্করণ। এতদিন অ্যালার্ম বা টাইমার সেট করা, আবহাওয়ার তথ্য জানা কিংবা সাধারণ কিছু কাজের জন্য সিরি বেশি ব্যবহৃত হলেও নতুন সংস্করণে এটি আরও স্বাভাবিকভাবে কথোপকথন করতে এবং তুলনামূলক জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে। ব্যবহারকারীর আইফোনে থাকা তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি পর্দায় কী দেখা যাচ্ছে, সেটিও বুঝে সে অনুযায়ী সহযোগিতা করতে পারবে। তবে এসব উন্নত সুবিধা শুরুতে সীমিতসংখ্যক ভাষায় পাওয়া যাবে এবং সব আইফোনে এর পূর্ণ সুবিধা মিলবে না। এআইভিত্তিক সিরি ব্যবহারের জন্য তুলনামূলক নতুন আইফোন প্রয়োজন হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন সুবিধা: ফটোস অ্যাপে যুক্ত হচ্ছে ‘এক্সটেন্ড’ ও ‘রিফ্রেম’ নামের নতুন সুবিধা। এর মাধ্যমে ছবির আকার ও বিন্যাস পরিবর্তন, ছবির নির্দিষ্ট অংশ নতুনভাবে সাজানো এবং এআই ব্যবহার করে নতুন ছবি তৈরির সুযোগ আরও বাড়ানো হয়েছে। ‘ইমেজ প্লে গ্রাউন্ড’-এ আরও বাস্তবসম্মত ছবি তৈরি করা যাবে। শুধু নির্দেশনা লিখেই শর্টকাটস অ্যাপে নতুন শর্টকাট তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি হোম কিট সিকিউর ভিডিও ক্যামেরার ফুটেজের জন্য স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর বর্ণনা তৈরির সুবিধাও থাকছে।
লিকুইড গ্লাস ডিজাইনে পরিবর্তন: আইওএস ২৬-এ চালু করা ‘লিকুইড গ্লাস’ ডিজাইনকে আইওএস ২৭-এ আরও পরিমার্জন করা হয়েছে। অ্যাপলের দাবি, নতুন সংস্করণে লিকুইড গ্লাসের আলো-প্রতিফলন আরও সামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং লেখা ও অন্যান্য উপাদানের কনট্রাস্টও উন্নত করা হয়েছে। অ্যাপ আইকনগুলোও আরও পরিষ্কার ও বিস্তারিত দেখাবে। নতুন একটি স্লাইডারের মাধ্যমে ব্যবহারকারীরা লিকুইড গ্লাস কতটা স্বচ্ছ বা রঙিন দেখাবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন।
আরও দ্রুত হবে আইফোন: নতুন আপডেটে শুধু ফিচারই নয়, সামগ্রিক পারফরম্যান্সেও উন্নতি আনা হয়েছে। অ্যাপলের দাবি অনুযায়ী, কিছু অ্যাপ আগের তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত দ্রুত চালু হতে পারে। ফটোস অ্যাপে নতুন ছবি লোড হওয়ার গতি ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়া এয়ারড্রপের মাধ্যমে ফাইল পাঠানোর গতিও ৮০ শতাংশ পর্যন্ত বাড়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক নম্বরে দুই আইফোন ব্যবহারের সুবিধা: আইওএস ২৭-এ ‘আইফোন হ্যান্ডঅফ’ নামে নতুন একটি সুবিধা যুক্ত হচ্ছে। এর মাধ্যমে একই ফোন নম্বর ব্যবহার করে দুটি আইফোনের মধ্যে সহজে পরিবর্তন করা যাবে। তবে এই সুবিধা চালু করতে মোবাইল অপারেটরের সমর্থন প্রয়োজন হবে। শুরুতে যুক্তরাষ্ট্রের টি-মোবাইল ও জার্মানির ডয়েচে টেলিকম এ সুবিধা দেবে। পরবর্তী সময়ে ভেরিজোন ও যুক্তরাজ্যের ইইসহ আরও অপারেটর যুক্ত হওয়ার কথা রয়েছে।
সহজে ভাগ করা যাবে বিল: যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এসেছে ‘অ্যাপল ক্যাশ বিল স্প্লিটিং’ সুবিধা। কোনো রেস্তোরাঁর বিলের ছবি আইফোনে তুললে অ্যাপল ইন্টেলিজেন্স বিলের বিভিন্ন আইটেম শনাক্ত করে কে কত টাকা দেবেন, তা হিসাব করতে সাহায্য করবে। এর সঙ্গে কর ও টিপের হিসাবও যুক্ত করা যাবে। তবে আপাতত এ সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে অ্যাপল ক্যাশ ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ থাকবে।
ফাইন্ড মাইয়ে লোকেশন শেয়ারে বাড়তি নিয়ন্ত্রণ: ‘ফাইন্ড মাই’ অ্যাপেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য লোকেশন শেয়ার করতে পারবেন, যেমন চার দিন ছয় ঘণ্টা। চাইলে নির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করে দিতে পারবেন, কখন লোকেশন শেয়ারিং বন্ধ হবে। আবার নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে দিনের শেষ পর্যন্ত লোকেশন শেয়ারিং সাময়িকভাবে বন্ধ রাখার সুযোগও থাকবে। অ্যাপলের মতে, সারপ্রাইজ জন্মদিনের আয়োজনের মতো পরিস্থিতিতে এ সুবিধা কাজে আসতে পারে।
কারপ্লেতে ভিডিও দেখার সুযোগ: আইওএস ২৭-এর মাধ্যমে কারপ্লেতেও ভিডিও দেখার নতুন সুবিধা আসছে। সমর্থিত গাড়িতে এয়ারপ্লে ব্যবহার করে আইফোনের ভিডিও গাড়ির ডিসপ্লেতে দেখা যাবে। নতুন গাড়িগুলোতে ডেভেলপাররা এমন কারপ্লে অ্যাপ তৈরি করতে পারবেন, যেখানে ভিডিও খোঁজা ও ব্রাউজ করার সুবিধাও থাকবে। তবে নিরাপত্তার কারণে গাড়ি চলার সময় ভিডিও চালানো যাবে না। গাড়ি পার্ক করা অবস্থায়, যেমন বিমানবন্দরে অপেক্ষা করা বা বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সময় এ সুবিধা ব্যবহার করা যাবে।
কোন আইফোনে পাওয়া যাবে আইওএস ২৭? আইওএস ২৭ আইফোন ১১ সিরিজ এবং পরবর্তী মডেলগুলোতে পাওয়া যাবে। দ্বিতীয় প্রজন্মের আইফোন এসই এবং পরবর্তী মডেলগুলোও এ আপডেট সমর্থন করবে। তবে আইওএস ২৭ ইনস্টল করা গেলেই সব অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়া যাবে না। সিরির এআইভিত্তিক উন্নত সুবিধাগুলো ব্যবহারের জন্য অন্তত আইফোন ১৫ প্রো বা নতুন মডেল প্রয়োজন হবে।
সূত্র: ম্যাকরিউমার



