ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত এই আসরকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা চরমে পৌঁছেছে। রেকর্ড ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই বিশ্বকাপেই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে একজন ভলান্টিয়ার নির্বাচিত হয়েছেন। তিনি ফারজিন গনি, যিনি বিশ্বকাপজুড়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। ২ জুন তিনি টরন্টোর উদ্দেশে রওনা হন। ফিফা বিশ্বব্যাপী প্রায় ৬৫ হাজার ভলান্টিয়ার নিয়োগ করছে, যারা স্টেডিয়াম অপারেশন, দর্শক সেবা, টিকিট ব্যবস্থাপনা ও মিডিয়া সাপোর্টের মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকবেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভলান্টিয়ারদের টুর্নামেন্টের ‘হৃদয়, প্রাণ ও হাসি’ বলে অভিহিত করেছেন। ফারজিনের এই অংশগ্রহণ বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য অত্যন্ত গৌরবের।



