মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন এই প্রতিভাবান তরুণ। এবার তাঁকে দলে ভেড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে স্পেনের অন্যতম শীর্ষ ক্লাব বার্সেলোনা। তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডারকে ঘিরে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ নতুন করে আলোচনায় এসেছে।
বর্তমানে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন কাভান সুলিভান। তাঁর সঙ্গে ইতোমধ্যে চুক্তি করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। চুক্তি অনুযায়ী, ২০২৮ সালে ১৮ বছর পূর্ণ হলে তিনি সিটিতে যোগ দেবেন। তবে সিটি আনুষ্ঠানিকভাবে তাঁকে দলে নেওয়ার আগেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের জন্য সুযোগ তৈরি করতে চায় বার্সেলোনা।
স্পেনের প্রভাবশালী ক্রীড়া সংবাদমাধ্যম স্পোর্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়স পূর্ণ হলে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার বিষয়ে কাভানের একটি প্রাক্-চুক্তি রয়েছে। এ কারণে এত দিন তাঁকে পাওয়ার দৌড়ে ইংলিশ ক্লাবটি সুবিধাজনক অবস্থানে ছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে কাভানের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কাভান সুলিভানের প্রতিনিধিরাও পরিস্থিতি পরিবর্তনশীল বলে ইঙ্গিত দিয়েছেন। কয়েক সপ্তাহ আগে তাঁর এজেন্ট জানিয়েছিলেন, ভবিষ্যতে কী ঘটবে তা নিশ্চিত করে বলা কঠিন, তবে বিষয়টির একটি সঠিক সমাধান হবে বলে তাঁরা আশাবাদী। এতে বোঝা যায়, ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত কোনো পরিবর্তনের ঘোষণা আসেনি। তবে কাভানের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। সিটির আইনি পরিস্থিতি এবং চুক্তির শর্তাবলির ওপর নির্ভর করতে পারে এই তরুণ ফুটবলারের পরবর্তী সিদ্ধান্ত।



