২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এই ফিচারের মাধ্যমে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেই একাধিক আলাদা প্রোফাইল তৈরির সুযোগ পেতেন ব্যবহারকারীরা। ব্যক্তিগত যোগাযোগ, কর্মক্ষেত্রের নেটওয়ার্কিং কিংবা বিভিন্ন ফেসবুক গ্রুপে অংশগ্রহণের মতো ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে এসব প্রোফাইল ব্যবহার করা যেত। এতে আলাদা ই-মেইল ঠিকানা বা নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হতো না।
মেটা জানিয়েছে, নতুন সিদ্ধান্তের আওতায় শুধু মূল অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলোই বন্ধ করা হবে। এতে ব্যবহারকারীদের মূল ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইলের কার্যক্রমে কোনো পরিবর্তন আসবে না। তবে অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্টসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীদের ১৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড বা এক্সপোর্ট করে নিতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে এসব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে।
এদিকে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করে যেসব ব্যবহারকারী ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন, তাঁদের দ্রুত মূল প্রোফাইলে গ্রুপের অ্যাডমিন ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দিয়েছে মেটা। অন্যথায় সংশ্লিষ্ট গ্রুপে মূল প্রোফাইলের অধীনে কোনো অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না হওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত থাকতে পারে।
অতিরিক্ত প্রোফাইল বন্ধ হওয়ার আগে ছবি, পোস্টসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে প্রথমে যে প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটিতে সুইচ করতে হবে। এরপর ‘Settings & Privacy’ থেকে ‘Settings’ অপশনে গিয়ে ‘Your Information and Permissions’ বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে ‘Export Your Information’ নির্বাচন করে ‘Create Export’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করে তথ্য নিজের ডিভাইসে নাকি অন্য কোনো বাহ্যিক সেবায় সংরক্ষণ করবেন, তা নির্ধারণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় তথ্যগুলো বেছে নিয়ে আবার ‘Create Export’ অপশনে ক্লিক করলেই তথ্য সংরক্ষণের প্রক্রিয়া শুরু হবে।



