দেশের মাটিতে নববর্ষের উৎসব শেষ হলেও, সুদূর আমেরিকায় কিন্তু বৈশাখের আমেজ এখনো কাটেনি! প্রবাসের মাটিতে বসে নিজেদের শেকড়কে ফিরে পেতে শনিবার (২৫ এপ্রিল) আমেরিকার মেরিল্যান্ডে বসেছিল এক বিশাল মিলনমেলা ।
মেরিল্যান্ডের জার্মানটাউনের সেনেকা ভ্যালি হাইস্কুলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘৫ম বার্ষিক দক্ষিণ এশীয় বৈশাখী উৎসব’ বা সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উৎসব । সবচেয়ে চমৎকার বিষয় হলো, এটি কেবল বাঙালিদের কোনো আয়োজন ছিল না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটানের প্রবাসীরা এক হয়ে এই আনন্দ উৎসবে মেতে ওঠেন ।
বাংলাদেশি আমেরিকান কাউন্সিল (BAC)-এর আয়োজনে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই উৎসবে কী ছিল না! দক্ষিণ এশিয়ার মুখরোচক খাবার, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো থেকে শুরু করে কেনাকাটার জন্য ছিল নানা ধরনের স্টল । পাশাপাশি শিশুদের আনন্দের জন্য ফেসপেইন্টিং, মেহেদি উৎসব এবং চমৎকার পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছিল ।
এই বর্ণিল উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেসওম্যান এপ্রিল ডেলানি, মন্টগোমারি কাউন্টির এক্সিকিউটিভ মার্ক এলরিচসহ মেরিল্যান্ডের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ।
সব মিলিয়ে, প্রবাসীদের এই যৌথ আয়োজন আবারও প্রমাণ করে দিল— দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও দক্ষিণ এশিয়ার মানুষেরা নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে একটুও ভুলে যাননি!



