অনুষ্ঠানে শাকিব খান বলেন, বর্তমানে বিশ্ব চলচ্চিত্রশিল্প একটি সোনালি সময় পার করছে। প্রতিবেশী দেশগুলোর সিনেমা সামান্য সফলতা পেলেই হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে এবং বিশ্বজুড়ে নিজেদের অবস্থান তৈরি করছে। বিষয়টি সত্যিই বিস্ময়কর বলে মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের প্রসঙ্গ তুলে ধরে শাকিব খান জানান, আগে তাঁর ধারণা ছিল দেশটির সিনেমা অঙ্গনে তেমন কোনো কার্যক্রম নেই। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, সেখানে বর্তমানে প্রায় এক হাজার থেকে এক হাজার ২০০টি সিনেমা হল ও আধুনিক মাল্টিপ্লেক্স রয়েছে। এমনকি কোনো সিনেমা ব্লকবাস্টার হলে সেটি ২০০ থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত ব্যবসা করতে পারে। বিষয়টি তাঁকে অবাক করেছে বলেও জানান এই অভিনেতা।
পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথ কাজের সম্ভাবনা প্রসঙ্গে শাকিব খান বলেন, দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে শিগগিরই কোনো একটি প্রকল্পে কাজের কোলাবরেশন হতে পারে। এ ধরনের উদ্যোগ সফল হলে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পও আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় দেশের চলচ্চিত্রশিল্পের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের আগ্রহ ও উদ্যোগের কথাও উল্লেখ করেন শাকিব খান। তাঁর ভাষ্য, মন্ত্রীসহ সংশ্লিষ্ট অনেকেরই সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি আগ্রহ রয়েছে এবং তাঁরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছেন। সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই বাংলা চলচ্চিত্রশিল্প আরও বড় ও সম্ভাবনাময় অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জনপ্রিয় এই নায়ক।



