ক্রমাগত খুনের হুমকি এবং বাড়িতে লাগাতার গুলি বর্ষণের পর শেষ পর্যন্ত মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ঐতিহাসিক ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান। দীর্ঘ কয়েক দশক ধরে এই সমুদ্রমুখী বাড়িতে বসবাস করছে খান পরিবার। কিন্তু বাড়তি নিরাপত্তা ঝুঁকিতে পড়ে তাঁরা এখন নতুন বাড়িতে ওঠার পরিকল্পনা করেছেন। ইতিমধ্যে গ্যালাক্সির খোলা বারান্দা বুলেটপ্রুফ কাচ দিয়ে ঘিরে দিলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অবশেষে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন নায়ক।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বান্দ্রার চিম্বাই এলাকায়—গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের অদূরেই—নতুন একটি বহুতল বাড়ি নির্মাণ করছেন সালমান। মা সালমা খানের নামে নথিভুক্ত ১,০১৪ বর্গমিটার জমিতে বাড়িটি তৈরি হচ্ছে। নকশায় রয়েছে একটি গ্রাউন্ড ফ্লোর, পার্কিং এলাকা এবং তার ওপরে ছয় তলা বাড়ি। নির্মাণের অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি। বাড়ি তৈরির সময় কোনো গাছ কাটতে নিষেধ করেছে সরকার, তাই প্রয়োজন অনুযায়ী নতুন গাছ লাগিয়ে বাড়ির সৌন্দর্য বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলিউড ভাইজানের।
নির্মাণ শেষে পুরো খান পরিবার এই নতুন বাড়িতেই উঠবে বলে জানা গেছে। যদিও গ্যালাক্সিতে রয়েছে তাঁদের অসংখ্য স্মৃতি, কিন্তু পরিবারের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁরা সেই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুঃখজনক ঘটনা, তবে সালমানের সুরক্ষাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।



