নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক নিউইয়র্ক বাংলা চলচ্চিত্র উৎসব প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। চার দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশ ও উত্তর আমেরিকার নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং তথ্যচিত্র প্রদর্শিত হয়। উৎসবজুড়ে ছিল বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এবারের আসরে সেরা অভিনেতার সম্মান অর্জন করেছেন শাকিব খান। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শবনম বুবলী। অন্যদিকে চলচ্চিত্র ১৯৭১ সেই সব দিন এর জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন হৃদি হক। এছাড়া ওয়েব চলচ্চিত্র বিভাগেও বিভিন্ন নির্মাতা ও শিল্পীদের সম্মাননা দেওয়া হয়।
জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত এই উৎসবের আয়োজনে ছিল প্রিজন ফিল্মস, লেমন স্টুডিও এবং আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশনের সহযোগিতা। প্রবাসী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। লাল গালিচা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সম্মাননা প্রদান পর্ব উৎসবকে এনে দেয় ভিন্নমাত্রা। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করবে এবং দেশীয় নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।



