বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল আসছে, এবং তাতে যুক্ত হতে পারেন চতুর্থ এক ‘ইডিয়ট’—ভিকি কৌশল। আমির খান, শারমন জোশি ও আর মাধবনের অনবদ্য রসায়নের সিনেমাটি দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বড় পর্দায় ফিরছে। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘থ্রি ইডিয়টস ২’-এর গল্পে প্রথম সিনেমার প্রায় দশ বছরের সময়ের ব্যবধান দেখানো হবে, আর সেই নতুন মোড়েই ভিকি কৌশলকে যুক্ত করা হচ্ছে। তিনি ইতিমধ্যে আমির খান ও পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে আলোচনা সেরে মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন।
আমির খান এক সাক্ষাৎকারে সিক্যুয়েলের খবর নিশ্চিত করে বলেন, রাজকুমার হিরানি ও অভিজিৎ জোশির চিত্রনাট্য অসাধারণ। এটি আগের সিনেমার মতোই শক্তিশালী, ব্যতিক্রমী ও হাস্যরসে ভরপুর। তিনি ফুংসুখ ওয়াংডু চরিত্রে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভিকি কৌশল বর্তমানে সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ব্যস্ত থাকলেও ‘মহাবতার’ শেষ করে দীর্ঘ সময়ের জন্য ‘থ্রি ইডিয়টস’-এর সেটে যোগ দিতে পারেন।



