আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তরুণদের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে বিশেষ আলোচনা আয়োজন করেছে জাগো ফাউন্ডেশন। তরুণ, দাতা সংস্থা ও বেসরকারি খাতের অংশীদারদের একত্র করে কীভাবে নতুন ভাবনাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়া যায়, সেই বিষয়েই অনুষ্ঠিত হয়েছে বিশেষ ওয়েবিনার।
‘তরুণদের প্রভাবকে এগিয়ে নেওয়া: ভাবনা, অংশীদারত্ব ও সম্ভাবনা’ শীর্ষক এই আয়োজনে তরুণদের নেতৃত্বে পরিচালিত সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি, নতুন সুযোগ তৈরি এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজনটি পরিচালনা করেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকশান্দ। এতে তরুণ নেতৃত্বাধীন সংগঠন, দাতা প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের বিভিন্ন অংশীদারদের প্রতিনিধিরা যুক্ত হন। তরুণদের উদ্যোগকে আরও কার্যকর ও টেকসই করতে প্রয়োজনীয় সহযোগিতা এবং নতুন সম্ভাবনা তৈরির বিষয়গুলো গুরুত্ব পায় আলোচনায়।
জাগো ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণদের নেতৃত্বে পরিবর্তনের উদ্যোগকে শক্তিশালী করতে পারস্পরিক যোগাযোগ, জ্ঞান বিনিময় ও কার্যকর অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। তরুণদের নতুন ভাবনা ও উদ্যোগকে যথাযথ সুযোগ দেওয়া গেলে সমাজে ইতিবাচক পরিবর্তনের পরিধি আরও বিস্তৃত হতে পারে।
১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তরুণদের সম্ভাবনা, নেতৃত্ব এবং সমাজ পরিবর্তনে তাদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।



