আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাঁদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশই জানতেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। একই সময়ে এ রোগের চিকিৎসা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যব্যয়ে ব্যয় হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা।
বিশেষজ্ঞদের মতে, অতি-প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় গ্রহণের প্রবণতা বাড়ায় ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকিও বাড়ছে। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করেন। এসব প্রক্রিয়াজাত খাদ্যে লবণ, চিনি ও চর্বির পরিমাণ অনেক ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি। গবেষণার তথ্য অনুযায়ী, অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত খাদ্যপণ্য শনাক্ত করতে সতর্কতামূলক লেবেল বাংলাদেশি ভোক্তাদের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।
এ পরিস্থিতিতে ডায়াবেটিস প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ দ্রুত চূড়ান্ত করার দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্টদের আহ্বান, কোনো ধরনের শিথিলতা, অব্যাহতি বা বিলম্ব ছাড়াই প্রবিধানমালাটি চূড়ান্ত করে খাদ্যপণ্যের প্যাকেটের সামনে বাধ্যতামূলক সতর্কবার্তা চালু করতে হবে।
বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্যক্ষতিকর উপাদান সম্পর্কে জানা ভোক্তার অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্যপণ্যের প্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে।”



