ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। নাটকের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেতা। ব্যক্তিজীবনের নানা উপলব্ধি, ভাবনা ও অভিজ্ঞতা প্রায়ই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে জীবনের কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধির কথা তুলে ধরেছেন জোভান। পোস্টের শুরুতেই তিনি লিখেছেন, ‘এই কথাগুলো বুঝতে আমার ৩৩ বছর লেগে গেছে।’ এরপর মানুষের আচরণ, শত্রুতা, সমালোচনা ও নেতিবাচকতা নিয়ে নিজের উপলব্ধির চারটি দিক তুলে ধরেন অভিনেতা।
জোভানের মতে, কেউ যদি কাউকে নিজের শত্রু মনে না করে, তাহলে হয়তো সে এখনো জীবনে বড় কোনো অবস্থানে পৌঁছাতে পারেনি। একইভাবে, কেউ যদি কারও পেছনে কথা না বলে, তার অর্থ হতে পারে ওই ব্যক্তি এখনো তার জীবনে তেমন গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি।
মানুষের নেতিবাচক আচরণের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে দেখেছেন জোভান। তার মতে, কেউ যদি কাউকে নিচে নামানোর চেষ্টা করে, তাহলে সেটি অনেক সময় ইঙ্গিত দেয় যে ওই ব্যক্তি ইতোমধ্যেই তার চেয়ে এগিয়ে রয়েছে। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘ঘৃণা সবসময় নিচ থেকে আসে, কখনো ওপর থেকে নয়।’
সমালোচনা ও সন্দেহকেও ভিন্ন দৃষ্টিতে দেখেন এই অভিনেতা। তার উপলব্ধি, কেউ যদি তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে, সেটিও এক ধরনের ইঙ্গিত যে তিনি হয়তো এমন কিছু করছেন, যা অন্যদের নজরে পড়ছে। অনেক সময় সমালোচনাও প্রশংসার একটি ভিন্ন রূপ হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।
পোস্টের শেষদিকে খানিকটা রসিকতার সুরে জোভান লিখেছেন, ‘তোমার হেটাররাই আসলে তোমার সবচেয়ে বড় ভক্ত।’ তার মতে, হেটাররা যদি এত সময় ব্যয় করে কাউকে নিয়ে আলোচনা বা পোস্ট না করত, তাহলে হয়তো তাকে নিয়ে এতটা আগ্রহও দেখাত না।
জোভানের এই পোস্টে তার ব্যক্তিজীবন ও পেশাগত পথচলা থেকে পাওয়া নানা উপলব্ধির প্রতিফলন দেখা গেছে। নেতিবাচকতা, সমালোচনা কিংবা বিরোধিতাকে হতাশার কারণ না বানিয়ে বরং সেগুলোকে নিজের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে নেওয়ার বার্তাই দিয়েছেন তিনি। তার এই ভাবনা নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।



