সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী হলেও ঘুম থেকে উঠেই কিছু নির্দিষ্ট খাবার খালি পেটে খেলে হতে পারে মারাত্মক বিপদ। বিশেষজ্ঞদের মতে, এমন কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে খেলে শরীরে হজমজনিত সমস্যা, অ্যাসিডিটি ও অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। নিচে এমনই চারটি খাবার সম্পর্কে আলোচনা করা হলো, যেগুলো খালি পেটে খেতে নিরুৎসাহিত করেন চিকিৎসকেরা।
১. মসলাদার খাবার
খালি পেটে মসলাদার খাবার খেলে পাকস্থলীতে জ্বালাপোড়া, অ্যাসিড রিফ্লাক্স বা আলসারের সমস্যা দেখা দিতে পারে। এসব খাবার পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়, যার ফলে অস্বস্তি ও হজমের সমস্যা তৈরি হয়।
২. দুধ ও দই জাতীয় খাবার
অনেকেই সকালের নাশতায় দুধ বা দই খেতে পছন্দ করেন। তবে খালি পেটে এগুলো খেলে পাকস্থলীর অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। এর ফলে হজমে সমস্যা দেখা দেয় এবং গ্যাস্ট্রিকের উপসর্গও দেখা দিতে পারে।
৩. টকজাতীয় ফল
লেবু, কমলা, আনারস ইত্যাদি টকজাতীয় ফলে উচ্চমাত্রার সাইট্রিক অ্যাসিড থাকে, যা খালি পেটে খেলে পাকস্থলীর অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এতে পেটের অস্বস্তি, বমিভাব এবং অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে।
৪. চিনি বা মিষ্টিজাতীয় খাবার
খালি পেটে চিনি বা মিষ্টিজাতীয় খাবার খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে। এতে শরীরের ইনসুলিন ভারসাম্য নষ্ট হতে পারে, যার ফলে ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।
পরামর্শ
সকালে খালি পেটে এমন খাবার খাওয়া উচিত যা হজমে সহজ এবং পাকস্থলীকে আরাম দেয়। যেমন: কলা, ওটস, ভেজানো বাদাম ইত্যাদি। এসব খাবার শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে এবং দিন শুরু হয় সজীবভাবে।



