অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ নাইট ২০২৬’ পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়। শনিবার (১ আগস্ট) নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার মনোমুগ্ধকর পরিবেশনায় সংগীত, আবেগ, নস্টালজিয়া ও বাঙালিয়ানার এক অনন্য সন্ধ্যায় মেতে ওঠেন হাজারো দর্শক। প্রায় পূর্ণ দর্শকাসন আর দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, প্রবাসেও বাংলা গান ও সংস্কৃতির প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু। তিনি বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
সন্ধ্যার প্রধান আকর্ষণ ছিলেন সংগীতজগতের কিংবদন্তি রুনা লায়লা, যিনি সম্প্রতি তার সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। সাতজন দক্ষ যন্ত্রশিল্পীকে সঙ্গে নিয়ে তিনি পরিবেশন করেন তার জনপ্রিয় ও কালজয়ী গান। প্রতিটি গানের পর দর্শকদের করতালি, উচ্ছ্বাস এবং সম্মিলিত কণ্ঠে গাওয়া পুরো মিলনায়তনকে আবেগঘন পরিবেশে রূপ দেয়। তার সঙ্গে মঞ্চে ছিল বেঙ্গল সিম্ফনি, যারা আধুনিক বাদ্যযন্ত্রের সমন্বয়ে পরিবেশনায় নতুন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে আরও গান পরিবেশন করেন কোক স্টুডিও বাংলা-খ্যাত শিল্পী ইমন চৌধুরী, আলেয়া বেগম, পিন্টু ঘোষ, মিথুন চক্র ও মৃধা শিবলু। বিশেষ উপস্থিতি ছিলেন নাজনীন নেহা। তাদের পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে এবং পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বজায় থাকে।
অনুষ্ঠানে অংশ নেওয়া বহু পরিবার তাদের সন্তানদের নিয়ে উপস্থিত হন, যাতে নতুন প্রজন্ম বাংলাদেশের সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে। প্রবীণদের স্মৃতিচারণ, তরুণদের উচ্ছ্বাস এবং শিশুদের অংশগ্রহণে ‘বাংলাদেশ নাইট ২০২৬’ পরিণত হয় প্রজন্ম থেকে প্রজন্মে বাঙালি সংস্কৃতির এক অনন্য সেতুবন্ধনে। অনেক দর্শকের মতে, এটি শুধু একটি কনসার্ট নয়; বরং প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের জন্য শেকড়, স্মৃতি ও আত্মপরিচয়ের সঙ্গে পুনর্মিলনের এক আবেগঘন মুহূর্ত।
রুনা লায়লার অস্ট্রেলিয়া সফর প্রবাসীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে। এর আগে তিনি ২০০৭ সালে সিডনি অপেরা হাউসে একক সংগীতানুষ্ঠান পরিবেশন করেছিলেন এবং ২০১৪ সালে অংশ নিয়েছিলেন ‘প্রবাস পরবনী বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’-এ। দীর্ঘ বিরতির পর তার এই প্রত্যাবর্তন প্রবাসী সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের জন্ম দিয়েছে।
অনুষ্ঠান শেষে আয়োজকরা উপস্থিত দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সিডনিবাসীর ভালোবাসা, সহযোগিতা ও উচ্ছ্বসিত অংশগ্রহণই ‘বাংলাদেশ নাইট ২০২৬’-কে স্মরণীয় করে তুলেছে। তারা জানান, এই সফল আয়োজনের ধারাবাহিকতায় আগামী ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’-এর পরবর্তী কনসার্ট, যেখানে আরও একবার প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলার প্রত্যাশা করছেন আয়োজকরা।



