কাপ্তাই হ্রদে আশঙ্কাজনকভাবে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার (২৪ আগস্ট) রাত ১০টা থেকে গেটগুলো খুলে পানি নিষ্কাশন শুরু করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৫.৬৮ ফুট মিন সি লেভেল (এমএসএল)। যেখানে হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানির চাপ ক্রমাগত বাড়তে থাকায় প্রাথমিক পর্যায়ে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এর ফলে হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিস্কাশিত হয়ে নিচের দিকে প্রবাহিত হবে।
বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা, উজান থেকে ধেয়ে আসা পানির প্রবাহ এবং বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের মতে, সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করে গেট খোলার নির্দিষ্ট সময়ে সামান্য পরিবর্তন আনা হতে পারে। তবে পানির প্রবাহ আরও বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে গেটগুলো আরও বেশি পরিমাণে খুলে দেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



