কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশে আসছে পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’। আগামীকাল (১৩ নভেম্বর) দেশে গেমটি চালু হওয়ার কথা রয়েছে। তুলনামূলক কম স্টোরেজ ব্যবহার করেই এতে পাবজি মোবাইলের পরিচিত ব্যাটল রয়্যাল অভিজ্ঞতা পাওয়া যাবে।
‘দ্য বেস্ট রিয়েল শুটিং গেম’ স্লোগান নিয়ে আসা এই সংস্করণের অন্যতম আকর্ষণ এর ছোট ডাউনলোড আকার। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ০.৯৬ গিগাবাইটের কম ডেটা ডাউনলোড করতে হবে। শুরু থেকেই এতে জনপ্রিয় এরাঙ্গেল মানচিত্র ও ক্ল্যাসিক ব্যাটল রয়্যাল মোড পাওয়া যাবে। ফলে এসব উপকরণ আলাদাভাবে ডাউনলোড করার অপেক্ষা ছাড়াই খেলা শুরু করা যাবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে অন্য মানচিত্র, মোড ও ইভেন্টের উপকরণ ডাউনলোডের সুযোগও থাকবে।
হালকা সংস্করণ হলেও মূল পাবজি মোবাইলের সঙ্গে সংযোগ বজায় রাখা হয়েছে ফ্ল্যাশে। খেলোয়াড়েরা তাঁদের বিদ্যমান অ্যাকাউন্ট, বন্ধুদের তালিকা এবং গেমের বিভিন্ন সম্পদ ব্যবহার করতে পারবেন। এমনকি দুই সংস্করণের খেলোয়াড়েরা একই ম্যাচমেকিং ব্যবস্থায় একসঙ্গে খেলতে পারবেন। ফলে বন্ধুদের সঙ্গে খেলতে সবাইকে একই সংস্করণ ব্যবহার করতে হবে না।
কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোনে খেলার অভিজ্ঞতা উন্নত করতে ফ্ল্যাশের গ্রাফিকসেও বিশেষ পরিবর্তন আনা হয়েছে। বেটা সংস্করণের তুলনায় গড় ফ্রেমরেট ১০ শতাংশ বাড়ানো এবং স্থিতিশীলতা ১০ শতাংশ উন্নত করার লক্ষ্য রাখা হয়েছে। একই সঙ্গে মেমোরি ব্যবহার ১২ শতাংশ এবং শক্তি খরচ ৩ শতাংশ কমানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া গেম চালু হওয়া ও ম্যাচ শুরুর আগে লোড হওয়ার সময় কমিয়ে আনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে ফ্ল্যাশে পূর্ণাঙ্গ ‘ব্যানপ্যান’ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। এর আওতায় খেলা চলাকালে নজরদারি, নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মীদের মাধ্যমে পর্যালোচনার সুযোগ থাকবে। গেমটি খেলতে স্মার্টফোনে অন্তত ২ গিগাবাইট র্যাম থাকতে হবে। ডিভাইসের সক্ষমতা ও সামঞ্জস্য অনুযায়ী সেকেন্ডে ২৫, ৩০, ৪০ ও ৬০ ফ্রেম বা এফপিএসে খেলার সুযোগ পাওয়া যাবে।
কম ডাউনলোড আকার, পরিচিত যুদ্ধক্ষেত্র এবং পুরোনো অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা নিয়ে আরও বেশি স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পৌঁছাতে চায় পাবজি মোবাইল ফ্ল্যাশ। বাংলাদেশে ১৩ নভেম্বর থেকে গেমটির যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।



