একটি পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে আছেন খোলা আকাশের নিচে। মাথার ওপর কোনো ছাদ নেই। আগুনে পুড়ে গেছে তাঁদের ঘরবাড়ি ও শেষ আশ্রয়। তবু পাশাপাশি শুয়ে থাকা মানুষগুলোর মধ্যে অটুট রয়েছে পারিবারিক বন্ধন। ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের এমনই মানবিক মুহূর্ত ক্যামেরায় ধারণ করেছিলেন আলোকচিত্রী পিনু রহমান। ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের সেই ছবিই তাঁকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতির অনন্য সম্মান।
প্রথম বাংলাদেশি আলোকচিত্রী হিসেবে হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কার (হিপা)-এর গ্র্যান্ড পুরস্কার জিতেছেন পিনু রহমান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এই আন্তর্জাতিক প্রতিযোগিতার ১৫তম আসরে ‘ফ্যামিলি’ বা পরিবার থিমে সর্বোচ্চ পুরস্কার অর্জন করেন তিনি। মঙ্গলবার দুবাইয়ের স্থানীয় সময় রাত ৮টার দিকে ফিউচার মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ছবিটিতে একটি পরিবারের দুর্দশার পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের ভালোবাসা, পারস্পরিক নির্ভরতা ও একসঙ্গে বেঁচে থাকার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে।
হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আলোকচিত্র প্রতিযোগিতা হিসেবে পরিচিত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের উদ্যোগে ২০১১ সালে এই পুরস্কার চালু হয়। বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার ও শৌখিন আলোকচিত্রীরা এতে অংশ নেন। প্রতিবছর নির্দিষ্ট থিম ও বিভিন্ন বিভাগে অসংখ্য ছবি জমা পড়ে। এমন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় গ্র্যান্ড পুরস্কার অর্জন পিনু রহমানের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বাংলাদেশের আলোকচিত্রশিল্পের জন্যও গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
আন্তর্জাতিক এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে পিনু রহমান বলেন, ‘বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি। আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।’
পেশায় ব্যাংকার হলেও আলোকচিত্রের প্রতি পিনু রহমানের আগ্রহের শুরু ২০০০ সালে। এসএসসি পরীক্ষার আগে স্বজনদের কাছ থেকে পাওয়া সালামি ও মা-বাবার কাছ থেকে নেওয়া কিছু টাকা দিয়ে তিনি ইয়াশিকা ব্র্যান্ডের একটি ক্যামেরা কেনেন। সেই ক্যামেরা দিয়েই শুরু হয় তাঁর ছবি তোলার পথচলা।
চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি আবৃত্তি ও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ধীরে ধীরে ফটোগ্রাফিই হয়ে ওঠে তাঁর বিশেষ ভালো লাগার জায়গা।
ফটোগ্রাফিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বন্ধু সারজিল হাসানের কাছ থেকে ক্যামেরা ব্যবহারের প্রাথমিক কৌশল শেখেন পিনু রহমান। পরে আলোকচিত্রী মনিরুজ্জামানের কাছ থেকেও অনুপ্রেরণা পান। ২০১২ সাল থেকে তিনি নিয়মিত আলোকচিত্রচর্চা শুরু করেন। বর্তমানে তিনি রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। তাঁর বেড়ে ওঠা পিরোজপুরে। ব্যাংকের দায়িত্ব ও পারিবারিক ব্যস্ততার মধ্যেও আলোকচিত্রের জন্য সময় বের করেন তিনি। ছুটির দিনে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন মানুষের জীবন, প্রকৃতি ও সমাজের নানা গল্পের সন্ধানে।
পিনু রহমানের আলোকচিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো মানুষের জীবনের বাস্তব গল্প তুলে ধরা। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘আলাদিনস ল্যাম্প’ ও ‘লস্ট চাইল্ডহুড’। সাতক্ষীরার একটি প্রত্যন্ত গ্রামের টিনশেড স্কুলঘরে হারিকেন ও ল্যাম্পের আলোয় পড়াশোনা করা শিশুদের নিয়ে তোলা ‘আলাদিনস ল্যাম্প’ ছবিটি আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পেয়েছে। ছবিটিতে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ ও স্বপ্নের গল্প ফুটে উঠেছে।
অন্যদিকে, কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ডে শিশুশ্রমের বাস্তবতা নিয়ে তোলা ‘লস্ট চাইল্ডহুড’ ছবির জন্য তিনি ‘বেস্ট অব নেশন—বাংলাদেশ’ সম্মাননা অর্জন করেন। এটি তাঁর আলোকচিত্রজীবনের অন্যতম উল্লেখযোগ্য কাজ। কখনো শিক্ষার সীমিত সুযোগ, কখনো শিশুশ্রম, আবার কখনো মানুষের শ্রম ও জীবনসংগ্রাম—বিভিন্ন বিষয় উঠে আসে তাঁর ক্যামেরায়। প্রতিটি ছবির মাধ্যমে তিনি শুধু দৃশ্য ধারণ করেন না, বরং দৃশ্যের আড়ালে থাকা মানুষের গল্পও তুলে ধরার চেষ্টা করেন।
২০২৬ সালটি পিনু রহমানের আলোকচিত্রজীবনে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হিপার গ্র্যান্ড পুরস্কার জয়ের আগে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হন তিনি। একই বছর ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বারডেন’ শিরোনামের ছবির জন্য প্রথম পুরস্কার অর্জন করেন। ছবিটিতে মাথায় পাটের বোঝা নিয়ে কাজ করতে দেখা যায় এক বৃদ্ধ পাটশ্রমিককে। এর মাধ্যমে মানুষের শ্রম, বয়স ও জীবনসংগ্রামের বাস্তব চিত্র ফুটে উঠেছে। এ ছাড়া সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ শিরোনামের ছবির জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতি পেয়েছেন তিনি।
গত ১০ অক্টোবর ইতালির সিয়েনার ঐতিহাসিক তেয়াত্রো দেই রিনোভাতি মিলনায়তনে এসব পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছর তিনটি প্রতিযোগিতায় ১৬৩টি দেশ থেকে ৪০ হাজারের বেশি ছবি জমা পড়ে। এর আগে ২০২৫ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফটো অলিম্পিকে ‘অ্যাকসেন্ট’ বিভাগে স্বর্ণপদক অর্জন করেন পিনু রহমান। দেশি-বিদেশি বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগিতায়ও পেয়েছেন পুরস্কার ও সম্মাননা। তাঁর তোলা ছবি প্রকাশিত হয়েছে দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, ডয়চে ভেলে ও আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমে। বিভিন্ন আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
আলোকচিত্রের প্রতিটি ভালো মুহূর্ত ধারণের পেছনে থাকে অপেক্ষা, পরিশ্রম ও প্রস্তুতি। কখনো একটি মুহূর্তের জন্য ভোরের আলো পর্যন্ত অপেক্ষা করতে হয়, কখনো পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। ছবি তোলার পর রয়েছে বাছাই ও সম্পাদনার কাজ। পেশাগত দায়িত্ব ও সংসার সামলে এসবের জন্য সময় বের করা সহজ নয়। তবু মানুষের জীবনের গল্প তুলে ধরার আকাঙ্ক্ষাই তাঁকে ক্যামেরার সঙ্গে যুক্ত রেখেছে।
পিনু রহমানের কাছে আলোকচিত্র কেবল সুন্দর দৃশ্য ধারণের মাধ্যম নয়; বরং মানুষের আনন্দ-বেদনা, শ্রম, সংগ্রাম ও জীবনের বাস্তবতা তুলে ধরার একটি ভাষা। হিপার গ্র্যান্ড পুরস্কার জয় তাঁর দীর্ঘ পথচলায় নতুন মাত্রা যোগ করেছে। কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের ছবি এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরেছে। ছবিটি যেন মনে করিয়ে দেয়, জীবনে অনেক কিছু হারিয়ে গেলেও ভালোবাসা ও পারিবারিক বন্ধন টিকে থাকতে পারে।



