চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে পর্যবেক্ষণের জন্য প্রতিটি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিদ্যুৎ বিভ্রাট হলেও পর্যবেক্ষণ চালু রাখতে আইপিএস ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার চট্টগ্রাম অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে জুম সভায় তিনি বলেন, পরীক্ষা ঘিরে কোনো অযথা আতঙ্ক সৃষ্টি করা যাবে না এবং সবার সহযোগিতায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার কেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণেও এ উদ্যোগ সহায়ক হবে বলে উল্লেখ করেন তিনি।
খাতা মূল্যায়নের ক্ষেত্রে সঠিক উত্তর অনুযায়ী নম্বর দেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না। প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ উল্লেখ করে এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সভায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও কেন্দ্রসচিবরা উপস্থিত ছিলেন।



