দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ আগস্ট দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের নিয়ম অনুসারে প্রথমে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছিল। তবে দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষা বোর্ডগুলো নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করতে পারেনি। পরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নতুন সময়সীমা নির্ধারণ করলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাও আলোচনায় আসে। শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ আগস্ট ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের লক্ষ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরবর্তী পরিস্থিতির কারণে সেই সময়সূচিতে পরিবর্তন আনা হয়।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।



