সারাদিনের কথোপকথন থেকে গুরুত্বপূর্ণ তথ্য শনাক্ত করে প্রয়োজনীয় কাজ, প্রতিশ্রুতি ও করণীয় মনে করিয়ে দিতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত দুটি নতুন ডিভাইস বাজারে এনেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। প্রতিষ্ঠানটির দাবি, এসব ডিভাইস ব্যবহারকারীর দৈনন্দিন কথাবার্তা থেকে প্রয়োজনীয় তথ্য মনে রাখতে পারবে এবং যথাসময়ে বিভিন্ন কাজের কথা স্মরণ করিয়ে দেবে। এ তথ্য জানিয়েছে ইউএসএ টুডে।
গত ১৫ অক্টোবর ‘বি’ (Bee) ব্র্যান্ডের অধীনে ডিভাইস দুটি উন্মোচন করে অ্যামাজন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর একটি হলো ৭৫ ডলারের ‘ফ্রন্টিয়ার’ (Frontier) নামের এআই ব্রেসলেট, যা হাতে পরা যায়। অন্যটি ১০০ ডলারের ‘ইক্লিপস’ (Eclipse), যা স্মার্টফোনের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে। গত বছর বি ব্র্যান্ডটি অধিগ্রহণ করে অ্যামাজন।
অ্যামাজনের ডিভাইস বিভাগের প্রধান পানোস পানাই জানিয়েছেন, ডিভাইসগুলো চালু থাকলে সারাদিনের কথোপকথন থেকে গুরুত্বপূর্ণ বিষয় শনাক্ত করতে পারবে। পরে ব্যবহারকারীকে বিভিন্ন কাজ, অন্যদের কাছে দেওয়া প্রতিশ্রুতি এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে মনে করিয়ে দেবে। ফলে প্রতিটি কাজের জন্য আলাদাভাবে রিমাইন্ডার সেট করার প্রয়োজন কমতে পারে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্যালেন্ডার, বিভিন্ন অ্যাপ ও অন্যান্য তথ্যের সঙ্গে সমন্বয় করে কাজ করবে ডিভাইসগুলো। কখন ডিভাইস চালু থাকবে, তা ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন। চাইলে আগের কথোপকথন কিংবা সেখান থেকে সংগৃহীত তথ্য মুছেও ফেলতে পারবেন। এ ছাড়া বি কাজ করবে অ্যামাজনের সাবস্ক্রিপশনভিত্তিক এআই ভয়েস সেবা অ্যালেক্সা প্লাসের সঙ্গেও।
তবে ডিভাইসগুলোর তথ্য সংরক্ষণ ও ব্যবহার নিয়ে গোপনীয়তার প্রশ্ন উঠেছে। অ্যামাজনের দাবি, বি অডিও সংরক্ষণ করে না। তবে এটি ১৪ দিন পর্যন্ত তথ্য ধরে রাখে। এর চেয়ে বেশি সময় তথ্য সংরক্ষণের সুবিধা পেতে মাসে ১২ ডলারের সাবস্ক্রিপশন নিতে হবে। অবশ্য ঠিক কোন ধরনের তথ্য ১৪ দিন পর্যন্ত রাখা হয়, তা রয়টার্সের প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
এর আগে অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টের কথোপকথন পর্যালোচনার বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছিল। ২০১৯ সালে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীদের কথোপকথন শুনেছেন অ্যামাজনের হাজারো কর্মী। এ ঘটনায় প্রতিষ্ঠানটি শ্রেণিগত মামলারও মুখোমুখি হয়। তবে অ্যামাজন অন্যায়ের অভিযোগ অস্বীকার করেছে। নতুন বি ডিভাইসেও একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয় কি না, তা এখনো স্পষ্ট নয়।
এআইনির্ভর পরিধানযোগ্য প্রযুক্তির বাজারে অ্যামাজন একা নয়। রয়টার্সের তথ্য অনুযায়ী, মেটাসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানও এ ধরনের পণ্য তৈরি করছে। মেটার পণ্যগুলোর মধ্যে রয়েছে এআইচালিত পেনড্যান্ট এবং ক্যামেরা ও সেন্সরযুক্ত স্মার্ট চশমা। বি ডিভাইসের পাশাপাশি উন্নত প্রযুক্তিপণ্যের বাজারেও নিজেদের অবস্থান বিস্তৃত করতে চাইছে অ্যামাজন। সম্প্রতি প্রতিষ্ঠানটি আগের মডেলের তুলনায় বেশি দামের নতুন ট্যাবলেটসহ কয়েকটি প্রযুক্তিপণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে। এ ছাড়া প্রায় এক দশক আগে ফায়ার ফোনের ব্যর্থ উদ্যোগের পর আবার স্মার্টফোনের বাজারে ফেরার বিষয়টিও বিবেচনা করছে বলে জানিয়েছে রয়টার্স।
সূত্র: USA Today



