যুক্তরাজ্যের জাতীয় নারী কাবাডি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নতুন দায়িত্বের কথা জানিয়েছেন তিনি। পরে তাঁর বাবা ও বিশিষ্ট ব্যবসায়ী ইয়াওর খানও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তাঁর।
খেলাধুলার পাশাপাশি পেশাগত জীবনেও সফল আনিসা খান। তিনি একজন কনসালট্যান্ট এবং পরিচিত ফুড ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’র প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। এ ছাড়া বিবিসি ওয়ানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালে উঠে রানারআপ হওয়ার মাধ্যমে ব্রিটিশ বিনোদনজগতেও পরিচিতি অর্জন করেন আনিসা।
২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কাবাডির সঙ্গে যুক্ত হন আনিসা। কঠোর অনুশীলন ও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ধীরে ধীরে ইংল্যান্ডের জাতীয় নারী কাবাডি দলে নিজের অবস্থান তৈরি করেন তিনি। এর আগে ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন। এবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই ব্রিটিশ-বাংলাদেশি ক্রীড়াবিদ।
আনিসা খানের পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে রেস্তোরাঁ ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করে পরবর্তী সময়ে আবাসন ব্যবসায় সাফল্য অর্জন করেন তিনি। ইয়াওর খান যুক্তরাজ্যের ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত। চার ভাই-বোনের মধ্যে আনিসা পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান।
২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ইংল্যান্ডসহ ১৪টি দেশের জাতীয় দল অংশ নেওয়ার কথা রয়েছে। এই প্রতিযোগিতায় ইংল্যান্ডের নেতৃত্বে আনিসা খানের দায়িত্ব পালন ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের জন্য বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।



