বলিউডের ‘পারফেকশনিস্ট’ খ্যাত সুপারস্টার আমির খান অবশেষে ঘরের বউ আনতে চলেছেন। আগামী ৫ জুলাই তিনি দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন। ৬১ বছর বয়সী এই অভিনেতা ও ৪৭ বছর বয়সী গৌরী মুম্বাইয়ের নিজ বাড়িতে একেবারে ঘরোয়া ও সাদামাটা আয়োজনে রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে তাদের সম্পর্ককে আইনি স্বীকৃতি দিতে চলেছেন।
বেশ কিছুদিন ধরেই আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বলিউডে জোর গুঞ্জন চলছিল, যা অবশেষে বাস্তব রূপ নিতে যাচ্ছে। পাত্রী গৌরী স্প্র্যাট ব্যাঙ্গালুরুর বাসিন্দা এবং আমিরের দীর্ঘদিনের পরিচিত। নিজেই এক সাক্ষাৎকারে বিয়ের চূড়ান্ত খবর ও পরিকল্পনার কথা জানিয়েছেন আমির। তিনি জানিয়েছেন, কোনো ধরনের জমকালো উৎসব বা বড় আয়োজন নয়, শুধু দুই পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতেই অনুষ্ঠানটি সম্পন্ন হবে।
আমির খান বলেন, ‘বাড়িতেই একটি রেজিস্ট্রি বিয়ের আয়োজন করা হবে। আমরা দুজনেই খুব একটা আড়ম্বর চাচ্ছি না, তাই সাদামাটাভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’ তবে বলিউডের তার ঘনিষ্ঠ সহকর্মী ও বন্ধু শাহরুখ খান বা সালমান খান এই অনুষ্ঠানে আমন্ত্রিত কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে আমির খান প্রথম স্ত্রী রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যেখানে তার জুনাইদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। পরে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং তাদের আজাদ নামে একটি ছেলে রয়েছে। ২০২১ সালে কিরণের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। গত বছর মুম্বাইতে একটি প্রাক-জন্মদিনের অনুষ্ঠানে আমির গৌরীকে প্রথমবার মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন এবং তাদের সম্পর্কের কথা নিশ্চিত করে জানান যে তারা এক বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে আছেন।



