আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের স্বাস্থ্য ও প্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরে এক নতুন মাইলফলক স্থাপন করল ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেড’। সম্প্রতি আফ্রিকার দেশ কেনিয়ার আথি রিভারে অবস্থিত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আধুনিক ওষুধ উৎপাদন কারখানাটি যৌথভাবে পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের ৭ জন শীর্ষ কূটনীতিক ও প্রতিনিধি দল। এই পরিদর্শনে বাংলাদেশসহ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, রুয়ান্ডা, সোমালিয়া ও শ্রীলঙ্কার উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলটি কারখানার অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিকমানের ওষুধ উৎপাদন ব্যবস্থাপনা এবং কঠোর মাননিয়ন্ত্রণ ব্যবস্থা ঘুরে দেখেন। আফ্রিকার বাজারে মানসম্মত ওষুধ সরবরাহ সুনিশ্চিত করার পাশাপাশি এই অঞ্চল জুড়ে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় ও স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে কারখানাটির ভূমিকা ও আন্তর্জাতিক সহায়তার সুযোগ নিয়ে কূটনীতিকদের মাঝে বিস্তারিত আলোচনা হয়।
আফ্রিকান অঞ্চলে বিশ্বমানের ওষুধ প্রস্তুত ও সরবরাহ সহজতর করতে স্কয়ারের এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে। এটি কেবল পূর্ব আফ্রিকায় সুলভ মূল্যে প্রয়োজনীয় ওষুধ পৌঁছাতেই সাহায্য করছে না, বরং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ ও অর্থনৈতিক স্বনির্ভরতা শক্তিশালী করতে এক অনন্য ভূমিকা রাখছে।



