ফুটবল মাঠের বাইরেও নতুন এক চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার টেলিভিশন সিরিজ প্রযোজনার পাশাপাশি অভিনয় জগতেও অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’ (Day 1s)-এর প্রযোজনার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নতুন এই উদ্যোগের খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী আল নাসর ফরোয়ার্ড। সেখানে তিনি লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ডে ওয়ানসের প্রযোজনার কাজ শুরু হয়েছে। সামনে আরও খবর আসছে।’
ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিরিজটি। চিত্রনাট্যনির্ভর এই ড্রামায় ফুটবলের মাঠের বাইরের ব্যবসায়িক জগতের নানা দিক তুলে ধরা হবে। বিশেষ করে প্রভাবশালী ফুটবল এজেন্সিকে ঘিরে ক্ষমতার দ্বন্দ্ব, চুক্তি-আলোচনা এবং বিভিন্ন পক্ষের পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো গুরুত্ব পাবে।
সিরিজটিতে স্ট্যানলি ডালটন নামের একজন প্রভাবশালী ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে অভিনেতা ড্যামিয়ান লুইসের। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিত তিনি। এ ছাড়া সাবেক আর্সেনাল ও ফ্রান্স তারকা থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র্যাপার ডেভও এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার কথা রয়েছে। সিরিজটিতে অতিথি চরিত্রে দেখা যেতে পারে অঁরিকে।
রোনালদো ও ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের প্রতিষ্ঠিত স্বাধীন প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওস সিরিজটি নির্মাণ করছে। ২০২৫ সালে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে কাজ করার লক্ষ্য নিয়ে তাঁদের এই যৌথ উদ্যোগের যাত্রা শুরু হয়।
সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন রোনালদো। পাশাপাশি চিত্রনাট্যনির্ভর অভিনয়েও তাঁর অভিষেক হতে যাচ্ছে। ফুটবল, ফ্যাশন, আতিথেয়তা ও গণমাধ্যম ব্যবসায় নিজের অবস্থান তৈরির পর এবার বিনোদন জগতেও নতুন পরিচয় গড়ার পথে এগোচ্ছেন পর্তুগিজ এই তারকা।



