দীর্ঘ এক দশকের প্রেমের অবশেষে পরিণতি ঘটেছে বিয়ের মাধ্যমে। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাগদানের ঠিক এক বছর পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন এই তারকা জুটি।
বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে প্রকাশ করেছেন রোনালদো ও জর্জিনা। ইনস্টাগ্রামে হাতের আংটি ও সাদা পোশাকে তোলা একটি ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছেন, ‘সি লাভ জি’ (C Love G)।
এর আগে গণমাধ্যমে খবর ছড়িয়েছিল, রোনালদো তার নিজ শহর পর্তুগালের মাদেইরাতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। সেই খবরে শহরটির একটি ক্যাথেড্রালের সামনে ভক্ত ও গণমাধ্যমকর্মীদের ভিড়ও জমেছিল। পরে জানা যায়, সেখানে রোনালদোর নয়, অন্য এক দম্পতির বিয়ের আয়োজন ছিল।
তবে একই দিনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো-জর্জিনা। পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরে ক্যাসকাইসে কঠোর গোপনীয়তার মধ্যে পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তান ও ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা।
এর আগে গত বছরের ১১ আগস্ট সাধারণ আয়োজনেই বাগদান সেরেছিলেন রোনালদো ও জর্জিনা। বাগদানের এক বছর পূর্তিতেই তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। বাগদানের মতো বিয়েতেও ছিল না কোনো জমকালো আয়োজন; বরং পারিবারিক পরিবেশেই গুরুত্বপূর্ণ এই মুহূর্তটি উদযাপন করেছেন তারা।
২০১৬ সালে মাদ্রিদের একটি ব্র্যান্ডশপে জর্জিনার সঙ্গে রোনালদোর প্রথম পরিচয়। সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক। এরপর দীর্ঘ সময় একসঙ্গে পথচলার পর তাদের সংসার আলো করে আসে সন্তানরা। প্রায় এক দশকের সম্পর্কের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রীর স্বীকৃতি পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ।



