দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট এবার অনলাইনভিত্তিক সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম চালু করতে যাচ্ছে। এতদিন প্রতিষ্ঠানটির সঙ্গীত শিক্ষা কার্যক্রম মূলত ছায়ানটের কার্যালয়ে সরাসরি উপস্থিতির মাধ্যমে পরিচালিত হলেও এবার ঢাকা শহরের বাইরে এবং দেশের বাইরের সংগীতপ্রেমী শিক্ষার্থীদের জন্য নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ছায়ানটের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনভিত্তিক এই সঙ্গীত-শিক্ষণ কর্মসূচির নাম হবে ‘সঙ্গীত-পরিচয়’। ছয় মাসব্যাপী এ কার্যক্রমের প্রথম আবর্তনের জন্য ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, অর্থাৎ ১২ জুলাই ২০২৬, রবিবার থেকে। নির্ধারিত সংখ্যক আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
প্রথম আবর্তনে বিভিন্ন শাখায় অভিজ্ঞ শিক্ষকরা পাঠদান করবেন। নজরুলসঙ্গীত বিভাগে থাকবেন শারমিন সাথী ইসলাম ময়না, লোকসঙ্গীতে বিমান চন্দ্র বিশ্বাস, রবীন্দ্রসঙ্গীতে মোস্তাফিজুর রহমান তূর্য এবং সরগম বিষয়ে পাঠদান করবেন টিংকু কুমার শীল। ছায়ানটের এই উদ্যোগের মাধ্যমে দেশ-বিদেশে অবস্থানরত সংগীতানুরাগীরা ঘরে বসেই প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষার সুযোগ পাবেন।
ভর্তির জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স ১০ বছর হতে হবে, যা ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে পূর্ণ হওয়া আবশ্যক। তবে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়নি। ফলে শিশু থেকে শুরু করে যেকোনো বয়সের সংগীতপ্রেমী ব্যক্তি এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন।



